দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে মাদক কেনার টাকা না পেয়ে নিজ বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবক তামিম হাওলাদার (২০)। তিনি দক্ষিণ সাতলা গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে।
রোববার (২৪ মে) সকালে পারিবারিক কলহ ও মাদক কেনার টাকার চাপের মধ্যে পড়ে তামিম নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে পরিবারের দাবি অনুযায়ী প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর ওই দিন রাত সাড়ে ৯টার দিকে তামিম এলাকায় ফিরে এলে স্থানীয়রা তাকে আটক করে উজিরপুর মডেল থানায় সোপর্দ করে। পরে তার বড় বোন সুলতানা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।
পরিবারের সদস্যরা জানান, বাবার মৃত্যুর পর থেকে পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে ছিল। বড় ভাই প্রবাসে থাকলেও তামিম ও তার মা বাড়িতেই থাকতেন। অভিভাবকশূন্য অবস্থার সুযোগে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং মাদকের টাকার জন্য প্রায়ই অশান্তি করতেন বলেও অভিযোগ রয়েছে।
তারা আরও জানান, তামিমকে চারবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হলেও তিনি বারবার আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন।
উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকায় তামিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি মো. রকিবুল ইসলাম।
জে আই