দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুরহাট ইজারা নিয়ে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে প্রশাসন পশুরহাটের ইজারা কার্যক্রম স্থগিত করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নের ৫৩টি স্থানে অস্থায়ী পশুরহাট বসানোর জন্য মঙ্গলবার ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই অনুযায়ী বুধবার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানের উপস্থিতিতে সম্মেলন কক্ষে প্রকাশ্য নিলাম শুরু হয়। এতে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন পক্ষের দরদাতারা অংশ নেন।
নিলাম চলাকালে একটি হাটের দর কষাকষিকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সভাকক্ষের ভেতরে ও বাইরে ধাওয়া–পালটা ধাওয়ায় রূপ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, তিনি ঢাকায় আছেন। তার দাবি, বিএনপি নেতাকর্মীরা বলপ্রয়োগ করে ইজারা নিতে চাইলে জামায়াতের নেতাকর্মীরা বাধা দেন, এতে জামায়াতের কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন প্রশাসনকে জানিয়েছেন।
অন্যদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার দাবি করেন, জামায়াত নেতাকর্মীরাই এককভাবে সব হাটের ইজারা নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, যার জেরে উত্তেজনা তৈরি হয়। তবে বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান বলেন, দুই পক্ষের হট্টগোলের কারণে ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
বাংলাদেশ পুলিশ পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই