দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে এক কৃষক পরিবারের মাদরাসাপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলার সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় অভিযুক্ত কাউকেও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর এলাকার কৃষক আলতাফ মন্ডলের মেয়ে খুকুমণি (১৫) নিখোঁজ হওয়ার পর গত ৩ এপ্রিল উলিপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ও খুকুমণির মা সাহেরা বেগম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মামলায় হৃদয় হোসেন, মজিবর রহমান, মজিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ছালমা বেগমকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, থানা ও আদালতে মামলা করেছি। কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমার মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে, সেটাও জানি না।
মেয়ের ছবি হাতে কান্নাজড়িত কণ্ঠে বাবা আলতাফ মন্ডল বলেন, আমি কিছু চাই না, শুধু আমার মেয়েটাকে ফেরত চাই। গরিব মানুষ বলে কি আমরা বিচার পাব না?
স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, একটি কৃষক পরিবারের মেয়ে নিখোঁজ থাকার পরও দীর্ঘদিন ধরে কোনো অগ্রগতি না হওয়া দুঃখজনক। দ্রুত মেয়েটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। তবে পুলিশ বলছে, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সাহেবের আলগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে। তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে বাদীপক্ষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
এদিকে প্রতিদিন মেয়ের একটি ছবি হাতে নিয়ে অপেক্ষা করছেন বাবা-মা। তাদের আশা, একদিন দরজায় কড়া নাড়ে ফিরে আসবে তাদের আদরের খুকুমণি।
জে আই