দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা, নিপীড়ন ও কর্মস্থলে নিরাপত্তাহীনতার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার চিকিৎসকরা। একই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৯ মে) সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল চত্বরে ‘চিকিৎসকের সুরক্ষা, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সুনামগঞ্জ জেলা শাখা। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ড্যাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মাদ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন ডা. সালমান আহমদ তুহিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে চিকিৎসকরা নিরলসভাবে কাজ করলেও প্রতিনিয়ত তারা নানা ধরনের হয়রানি, হামলা ও অপমানের শিকার হচ্ছেন। হাসপাতালগুলোতে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে, যা স্বাস্থ্যসেবার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।
সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, দেশের প্রতিটি দুর্যোগ, মহামারি ও সংকটময় সময়ে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালসহ বিভিন্ন জাতীয় দুর্যোগে তাদের আত্মত্যাগ দেশের মানুষ দেখেছে। অথচ আজ তারাই কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
ড্যাবের আজীবন সদস্য ডা. সুজিত সরকার বলেন, সংগঠনটি সবসময় চিকিৎসকদের পাশে ছিল, আছে এবং থাকবে। চিকিৎসকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ড্যাব আপসহীন ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, চিকিৎসকদের সুরক্ষায় দ্রুত সময়ের মধ্যে পৃথক চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান তিনি। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে নিরাপত্তা জোরদার না হলে চিকিৎসক ও রোগী উভয়ই ঝুঁকির মধ্যে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা।
কর্মসূচি শেষে চিকিৎসকরা জানান, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এমএস/