দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ তিনটি ফিশিং ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। এ সময় ৩৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ মে) দিনব্যাপী যৌথ এ অভিযানে কোস্ট গার্ড শাহপরীরদ্বীপ আউটপোস্ট ও বাংলাদেশ নৌবাহিনী অংশ নেয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিনটি ট্রলারে থাকা মোট ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয় এবং ৩৩ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, চট্টগ্রামের হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে সিমেন্ট সংগ্রহ করে মিয়ানমারের একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দ করা সিমেন্ট, ট্রলার ও আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হবে।
জে আই