দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারি চক্র। তিন দিক থেকে ভারতবেষ্টিত এই সীমান্ত উপজেলা দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন, এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলা সদরের মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি বাসায় অভিযান চালায়। এসময় বাসাটির তালা ভেঙে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও প্রায় ৩০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৩৫ ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল মজুদ এবং বিপণন করে আসছিল। চক্রটি ভোটহাট, মাদারগঞ্জ ও নারায়ণপুর সীমান্ত ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করাতো। পরে সেগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চক্র ও বাসা ভাড়াটিয়াদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। তবে বাড়ির মালিকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
এমএম/কে