দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের পাড়েরহাট এলাকায় দীর্ঘদিনের বকেয়া টাকা আদায় করতে মাইকিং করছেন এক ব্যবসায়ী। অতিরিক্ত বাকিতে পণ্য বিক্রির কারণে প্রায় ৪০ থেকে ৪২ লাখ টাকা আটকে যাওয়ায় তিনি আর্থিক সংকটে পড়েছেন বলে জানিয়েছেন।
ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বাদশা মেসার্স আদিল আহনাফ এন্টারপ্রাইজ ও মেসার্স হাওলাদার ব্যাটারি নামে দুটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি দক্ষিণ শংকরপাশা গাজী বাড়ির বাসিন্দা এবং মো. সাদেক আলী হাওলাদারের ছেলে।
ব্যবসায়ীর দাবি, ২০১৯ সাল থেকে মুদি মালামাল, ইজিবাইক, ব্যাটারি ও বিভিন্ন খুচরা যন্ত্রাংশের ব্যবসা করতে গিয়ে দীর্ঘ সাত বছরে বিপুল পরিমাণ বকেয়া জমে গেছে। এর ফলে তার ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে চরম আর্থিক চাপে রয়েছে।
বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে গতকাল দোকানে হালখাতার আয়োজন করা হলেও আশানুরূপ সাড়া মেলেনি। পরে বৃহস্পতিবার সকাল থেকে তিনি মাইক ভাড়া করে পাওনাদারদের দ্রুত টাকা পরিশোধের আহ্বান জানাতে শুরু করেন।
সাইফুল ইসলাম বাদশা বলেন, “দীর্ঘদিন ধরে অনেকেই বাকিতে পণ্য নিয়েছেন। কিন্তু সময়মতো টাকা পরিশোধ না করায় এখন ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, দ্রুত বকেয়া টাকা আদায় না হলে বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করার পরিকল্পনাও রয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত বাকিতে পণ্য বিক্রির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জে আই