দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ড. এম এম শরীফুল করীম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে ১ম উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের ৯ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর ড. শরীফুল করীম বলেন, ‘আমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আমার প্রাণের সংগঠন ইউট্যাবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার একমাত্র কর্তব্য বলে মনে করি। এক্ষেত্রে সকলের সহযোগিতা কম্য।’
অধ্যাপক ড. শরীফুল করীম ১৯৭১ সালে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আব্দুল করীম মজুমদারের আদি নিবাস সদর দক্ষিণ উপজেলার ঐতিহাসিক শীষপুর সাহেব বাড়িতে। পরবর্তীতে তাদের পরিবার চৌয়ারার মাটিয়ারায় স্থায়ীভাবে বসবাস শুরু করে।
শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট কলোনাল লিটারেচার-এর ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৮তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। দীর্ঘদিন আনন্দমোহন কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করার পর ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে সহকারী অধ্যাপক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন। একই সঙ্গে তিনি বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট এবং ভর্তি কমিটির অনুষদ প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, বিভাগীয় এডভাইজর, কারিকুলাম কমিটির সদস্য এবং নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. শরীফুল করীম জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ইউট্যাব-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। গবেষণা ক্ষেত্রেও তার রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে গুরুত্বপূর্ণ প্রকাশনা।
/অ