দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে বেকায়দায় পড়েছেন যুবক।
পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
গ্রেপ্তার সোহাগ ফকির (৩৬) সদর উপজেলা পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল ফকিরের ছেলে।
জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদরে ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যায় জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় সেখানকার একটি স-মিলের পাশ থেকে পশ্চিম রাস্তি গ্রামের সোহাগ ফকিরকে আটক করে ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সোহাগ তার সঙ্গে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯টি ইয়াবা গিলে খেয়ে ফেলে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরেকটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের গোয়েন্দা পুলিশের অফিসে নিয়ে আসা হয়। এ সময় ওই মাদক ব্যবসায়ী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন চিকিৎসক। গ্রেপ্তার এড়াতেই মূলত সে ইয়াবা গিলে খেয়ে ফেলেছে।’
অ/এমএম