দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনে আন্দোলনরত শিক্ষকদের দেওয়া তালা কেটে কার্যালয় খুলে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। পরে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে কাজে যোগ দেন।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়সহ প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়।
উপাচার্য বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সঙ্গে বৈঠকের পর প্রশাসনিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে তালা খুলে কার্যালয় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পরে উপাচার্য প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
শিক্ষকদের পদোন্নতির দাবির বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আগেই সিন্ডিকেট সভা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
তবে আন্দোলনরত শিক্ষকরা যে পদে পদোন্নতি চাইছেন, সে প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানান তিনি। এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনার আহ্বানও জানান উপাচার্য।
এর আগে গত ১১ মে আন্দোলনরত শিক্ষকরা রেজিস্ট্রার কার্যালয়সহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পদোন্নতি, শিক্ষক সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে গত ২১ এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছেন তারা। পরে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়।
এদিকে ঈদুল আজহার ছুটি উপলক্ষে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও বন্ধ হচ্ছে।
এমএম/জে আই