দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহরণের শিকার হওয়া ১১ জন জেলে সাত দিন পর মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে তাদের ধানসাগর এলাকার আড়ুয়াবয়ার নদীর মোহনায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ফিরে আসা জেলেরা জানান, গত ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকায় মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পায়ে শিকল বেঁধে রাখা হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয়।
অপহৃতদের মধ্যে রয়েছেন শরণখোলা, পাথরঘাটা ও খুলনার বিভিন্ন এলাকার জেলে। তারা জানান, কয়েকদিন পর প্রতিদ্বন্দ্বী আরেকটি দস্যু দল শরীফ বাহিনীর সঙ্গে জাহাঙ্গীর বাহিনীর গোলাগুলির সময় তাদের নিয়ন্ত্রণ বদল হয়। পরে তাদের অন্য একটি স্থানে আটকে রাখা হয়।
এক ভুক্তভোগী জেলে রুবেল হাওলাদার অভিযোগ করেন, মুক্তিপণের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জনপ্রতি এক লাখ টাকা দাবি করা হলেও পরে দর-কষাকষির মাধ্যমে ৭০ হাজার টাকা করে নেওয়া হয়। বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর তাদের মুক্তি দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাজনও একই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ১১ জেলে ফিরে আসার বিষয়টি পুলিশ জেনেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জে আই