দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধার হওয়া ৮২টি মোবাইল ফোন এবং অনলাইনে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৪৯ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সাইবার স্পেসের বাইরে কেউ নয়। তাই ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে।
তিনি পুরাতন মোবাইল ফোন কেনার ক্ষেত্রে মোবাইলের বক্স ও ক্যাশ মেমো সংগ্রহের পরামর্শ দেন। পাশাপাশি বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানান। অনলাইনে কোনো পণ্য কেনার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়ারও পরামর্শ দেন তিনি।
পুলিশ সুপার আরও জানান, সাইবার অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য স্থানীয় পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়াও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১৮টি ফেসবুক আইডি ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করেছে। বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তি উদ্ধারে সহায়তা করে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেলটি।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তথ্যমতে, এপ্রিল মাসে জেলার বিভিন্ন থানার পাঁচটি প্রতারণার মামলায় মোট ১৩ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অ/এমএম