দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় খাল খনন নিয়ে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের প্রতিবাদে সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ডিডি শাহবাজপুর বাজার ও ফুলজোর নদী এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট ফসলি জমি পরিদর্শন করেন।
বক্তারা বলেন, খাল খননের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে উদ্বেগ তৈরি করা হচ্ছে। প্রশাসনের সঙ্গে কথা বলে তারা জেনেছেন, এ বিষয়ে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান বলেন, খাল খনন নিয়ে যে তথ্য প্রচার হচ্ছে, তা সঠিক নয়। এ বিষয়ে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে বিভ্রান্তি দূর করা সম্ভব হতো।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, গণমাধ্যমে যে খবর এসেছে, তা বাস্তবসম্মত নয়। বিএনপি কোনো ধরনের জোরপূর্বক খনন কার্যক্রমের সঙ্গে যুক্ত নয়। জনগণের প্রয়োজন ও স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি একদল ব্যক্তি এলাকায় এসে নদী বা খাল খননের কথা বলে জমি পরিমাপ করেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, যুগ্ম সম্পাদক শম্ভু নাথ দাস, রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান, সদস্যসচিব আবদুল মান্নান মধুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
/অ