দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় একটি ফিলিং স্টেশনে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত সেটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে মেসার্স আর.আর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুত সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। অভিযানে দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল, যা ভোক্তা প্রতারণার শামিল।
এছাড়া প্রতিষ্ঠানটির আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট পাওয়া যায়নি। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও ভেরিফিকেশন সনদ ছিল না। অগ্নিনির্বাপক যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকায় নিরাপত্তা ঝুঁকিও চিহ্নিত হয়।
এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ফিলিং স্টেশনটিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও তাদমিরা শারমিন।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত নিয়ম মেনে সঠিক পরিমাপে জ্বালানি বিক্রির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দ্রুত বিএসটিআই থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে আই