দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের মারধরে মানিক সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। একই সঙ্গে এক লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি তাদের।
নিহত মানিক সরদার পূর্ব দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও দিনমজুর ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত নয়টার দিকে মানিক সরদার ও তার ছেলে মেহেদীকে নিজ বাড়ি থেকে মারধর করে তুলে নিয়ে যায় কয়েকজন আত্মীয় ও প্রতিবেশী। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ভাতিজা রাব্বি ও আজিম সরদারসহ আরও কয়েকজন।
অভিযোগ অনুযায়ী, পরে তাদের মানিকের বড় ভাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় মারধর করা হয়। এ সময় স্বামী ও ছেলেকে রক্ষা করতে গেলে মানিকের স্ত্রী ফরিদা বেগমকেও মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মানিক সরদারের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
নিহতের ছেলে মেহেদী সরদার বলেন, ওরা দরজা ভেঙে আমাদের বের করে মারধর করে নিয়ে যায়। পরে বাবাকে আর দেখতে পাচ্ছিলাম না। বাইরে গিয়ে দেখি তিনি মাটিতে পড়ে আছেন, শরীরজুড়ে আঘাতের চিহ্ন।
নিহতের মেয়ে তামান্না আক্তার বলেন, আব্বা বলছিলেন ডাক্তার দেখালে বাঁচবেন, কিন্তু কেউ হাসপাতালে নেয়নি। মারতে মারতেই ওরা তাকে মেরে ফেলেছে।
পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় একাধিকবার মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। এমনকি লিখিত অভিযোগও গ্রহণ করা হয়নি। উলটো অভিযুক্তদের পক্ষ থেকে এক লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
নিহতের স্ত্রী ফরিদা বেগম বলেন, আমাকে টাকা দিয়ে মীমাংসা করতে বলছে। কিন্তু আমি বিচার চাই। প্রয়োজনে খেয়ে না খেয়ে হলেও মামলা চালাব।
তবে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই