দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের সংগঠক মো. রুহোল আমিনের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহসীন আলী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তীসহ স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলা এ মেলায় ১৫০টি প্রকাশনার ১০ হাজারের বেশি বই প্রদর্শন ও বিক্রি হচ্ছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মকর্তারা জানান, ২৯ এপ্রিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
মেলার প্রথম দিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। পছন্দের বই কিনতে শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের আশা, বইপড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক চর্চা বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএস/