দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা, যেখানে উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও চাকরিপ্রত্যাশীদের মিলনমেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ।
সোমবার (২৭ এপ্রিল) ভোলা সদর উপজেলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে এই মেলার আয়োজন করে বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), সার্বিক সহযোগিতায় ছিল ইউনিসেফ।
মেলায় অংশ নিতে আসা নারীরা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের আশায় ভিড় করেন। মোট ২৮৭ জন চাকরিপ্রত্যাশীর মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ৯ জন উদ্যোক্তাকে তাদের যোগ্যতা বিবেচনায় ঋণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
চাকরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারী তরুণীরা। তাদের কেউ কেউ বলেন, এই মেলার মাধ্যমে চাকরি পাওয়ায় তারা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবেন।
মেলায় অংশগ্রহণকারীদের আগ্রহ বাড়াতে নারীদের তৈরি পণ্যের ১৪টি স্টল বসানো হয়। এসব স্টলে বিভিন্ন ধরনের বাহারি পণ্য প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ আকর্ষণ করে। অনেকে ভবিষ্যতে সফল উদ্যোক্তা হওয়ার আগ্রহও প্রকাশ করেন।
উদ্যোক্তারা জানান, এই ধরনের আয়োজন তাদের পণ্য বাজারজাতকরণে উৎসাহ জোগায় এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।
ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের এগিয়ে যাওয়ার পথ আরও সহজ করবে।
ইএসডিওর প্রোগ্রাম ম্যানেজার শাহরিয়ার মাহমুদ জানান, ভোলার উদ্যোক্তাদের আরও এগিয়ে নিতে তাদের সংগঠন সার্বিক সহায়তা প্রদান করছে।
উল্লেখ, ১৫ থেকে ২৪ বছর বয়সি ঝরে পড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে ইএসডিও। এই মেলায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।
জে আই