দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষিকাকে আরেক শিক্ষিকার মারধরের অভিযোগ উঠেছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সদর এলাকার ১৩ নম্বর ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুর প্রায় ১টার দিকে বিদ্যালয়ের ছেলেদের খেলার জার্সি খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে সহকারী শিক্ষিকা আসমা আক্তার ও হালিমা সুলতানার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয় এবং অভিযোগ অনুযায়ী, আসমা আক্তার বেতের লাঠি দিয়ে হালিমা সুলতানাকে কয়েক দফা আঘাত করেন।
ঘটনার সময় অফিস কক্ষে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে হালিমা সুলতানা আহত হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তার এর আগেও এক পুরুষ শিক্ষককে জুতা দিয়ে মারতে উদ্যত হয়েছিলেন এবং তিনি প্রায়ই সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেন।
তবে ভুক্তভোগী শিক্ষিকা হালিমা সুলতানা এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগ অস্বীকার করে আসমা আক্তার বলেন, কথাকাটাকাটির একপর্যায়ে হালিমা সুলতানা তাকে আক্রমণ করতে এলে আত্মরক্ষার্থে তিনি ‘দুই-একটি’ আঘাত করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জিয়ানগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, তিনি বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জে আই