দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মাধবদীতে প্রেমিককে কুপিয়ে গুরুতর জখম করার জেরে প্রেমিকার বাড়িসহ চারটি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিকার ভাই আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে মাধবদীর খরমুদ্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদ হোসেন (২২) পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। তাকে গুরুতর অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার ফারজানা আক্তারের সঙ্গে সাজ্জাদের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ফারজানা পালিয়ে সাজ্জাদের কাছে গেলে পরিবার তাকে ফিরিয়ে নিয়ে যায়। রোববার বিকেলে এলাকার একটি গাড়ি মেরামতের দোকানে বসে থাকা অবস্থায় ফারজানার ভাই, চাচাসহ কয়েকজন সাজ্জাদকে এলোপাতারি কুপিয়ে জখম করে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে সাজ্জাদের স্বজনরা প্রেমিকার বাড়ি, তার চাচা ও খালার বাড়িসহ চারটি ঘরে আগুন দেয়। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, স্থানীয় বাধার কারণে সময়মতো আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি। পরে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, এ ঘটনায় আহতের মা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন। অভিযানে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
এমএস/