দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর উদ্যোগে প্রায় এক বছর ধরে নিখোঁজ থাকা প্রবাসী জিয়াউল হকের সন্ধান মিলেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে। গুরুতর অসুস্থ অবস্থায় থাকা ওই প্রবাসীকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে।
পরিবারের তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে দুবাইয়ে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন জিয়াউল হক। একপর্যায়ে তিনি বাকশক্তি হারান এবং বিভিন্ন হাসপাতালে স্থানান্তরের মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় কোনো খোঁজ না পেয়ে উদ্বেগে ছিলেন তার স্বজনরা।
গত ১৯ মার্চ জিয়াউল হকের স্ত্রী সংসদ সদস্য মাসুদ সাঈদীর কাছে সহায়তা চান। বিষয়টি জানার পর তিনি পরিবারের দেওয়া ছবি ও পাসপোর্টের তথ্যের ভিত্তিতে দুবাইয়ে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অনুসন্ধান শুরু করেন। একাধিক হাসপাতালে খোঁজ নেওয়ার পর অবশেষে একটি হাসপাতালে তার অবস্থান নিশ্চিত করা হয়।
পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবারের সঙ্গে জিয়াউল হকের যোগাযোগ স্থাপন করা হয়। এ সময় সন্তানের ডাকে তিনি সাড়া দিতে না পারলেও আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায় তাকে।
এদিকে, গত ১৬ এপ্রিল দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং থেকে প্রথম সচিব শাহানাজ পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে জিয়াউল হককে দ্রুত দেশে ফিরিয়ে আনার সুপারিশ করা হয়। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে স্ট্রেচার, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তাসহ বিমানে পাঠানোর কথা বলা হয়েছে। পাশাপাশি প্রায় ৩০ হাজার দিরহাম ব্যয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে বহনের সুপারিশ করা হয়েছে।
সংসদ সদস্য মাসুদ সাঈদী জানান, ধাপে ধাপে তথ্য বিশ্লেষণের মাধ্যমে জিয়াউল হকের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
জিয়াউল হকের স্ত্রী শামসুন্নাহার রুনা বলেন, দীর্ঘদিন পর স্বামীর সন্ধান পেয়ে তারা স্বস্তি পেয়েছেন এবং দ্রুত দেশে ফেরার অপেক্ষায় আছেন।
জে আই