দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলায় সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে জেসমিন খাতুন (৭০) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
নিহত জেসমিন খাতুন উপজেলার চন্ডিখালী গ্রামের বাসিন্দা। তিনি স্বামীর বাড়িতে বসবাস করতেন এবং দুই কন্যা সন্তানের জননী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে তার সঙ্গে কিছু আত্মীয়ের বিরোধ চলছিল।
নিহতের ভাই বাদশা খন্দকার অভিযোগ করে বলেন, গত ২৬ মার্চ রাতে খাবার শেষে নিজ ঘরে ছিলেন জেসমিন খাতুন। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে মরদেহ ঘরের বারান্দায় ফেলে রাখা হয় বলেও তিনি দাবি করেন।
পরদিন সকালে পরিবারের সদস্যরা মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়ার কথা জানানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, শামীম মোল্লা, লিয়াকত মোল্লা, লিটন মোল্লা, রেশমী, মোমেনা ও বিথী।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, মামলার পর দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জে আই