দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে পদোন্নতির দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে কমপ্লিট শাটডাউন চলছে। এতে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা স্থগিত হয়ে গেছে, ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও ভোগান্তি দেখা দিয়েছে।
বুধবার (২২ এপ্রিল) থেকে শিক্ষকরা এ কর্মসূচি পালন শুরু করেন। এর আগে মঙ্গলবারও তারা কর্মবিরতি পালন করেন। আন্দোলনের অংশ হিসেবে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অধিকাংশ ক্লাসরুম ও শিক্ষক কক্ষ তালাবদ্ধ দেখা যায়। তবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জানান, মঙ্গলবার তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হয়নি। কবে এ সমস্যার সমাধান হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে তারা জানান।
অন্যদিকে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী বলেন, আন্দোলনের কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সেশনজটের ঝুঁকি বাড়ছে। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা না হলে একাডেমিক কার্যক্রম আরও পিছিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সাযযাদ উল্লাহ মো. ফয়সাল জানান, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ইতোমধ্যে হয়নি। আজ লোকপ্রশাসন ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের পরীক্ষাও রয়েছে, তবে তা অনুষ্ঠিত হবে কি না তা নির্ভর করছে শিক্ষকদের অবস্থানের ওপর।
তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম তাদের দপ্তর থেকে স্বাভাবিকভাবে চললেও উত্তরপত্র প্রেরণ অব্যাহত রয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, আন্দোলনের কারণে যেন শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা ব্যাহত না হয়। শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষাগুলো গ্রহণের আহ্বান জানান তিনি।
জে আই