দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ টহল চলাকালে কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফ মডেল থানার অধীন হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—পহেলা বৈশাখের ছুটির সুযোগে মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে ওই এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। এর ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন—কাঞ্জরপাড়া এলাকার মো. রাশেদ প্রকাশ রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন প্রকাশ লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।
এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বড় রামদা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে, তারা পেশাদার মাদক কারবারি এবং ঘটনার সময় একটি মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারায় নিয়োজিত ছিল। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫-এর এক কর্মকর্তা জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেন কোনো গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি বা মাদক পাচারের সুযোগ নিতে না পারে, সে জন্য বিশেষ টহল জোরদার করা হয়েছে। গ্রেপ্তারদের পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৮৬০ সালের দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
/অ