দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ উপজেলার হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করেছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দুর্দশার কথা শোনেন।
কৃষকদের উদ্দেশে লুৎফুজ্জামান বাবর বলেন, অতিবৃষ্টির কারণে হাওরের কিছু এলাকায় পানি জমে থাকায় বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হচ্ছে। পাশাপাশি কোথাও কোথাও নতুন বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ চলছে। কৃষকদের ফসলের ক্ষতি কমাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, এ বছর হাওরে ভালো ফলন হয়েছে এবং কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
মৎস্য সম্পদ সংরক্ষণ প্রসঙ্গে তিনি বৈশাখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন থেকে চার মাস হাওরে পোনা মাছ ধরা বন্ধ রাখার আহ্বান জানান। এ সময় তিনি পোনা মাছ ছাড়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান এবং স্থানীয়ভাবে পোনা সংরক্ষণে কমিটি গঠনের আহ্বান দেন। পাশাপাশি কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
এ ছাড়া তিনি বলেন, তার এলাকায় মাদকের কোনো স্থান থাকবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি।
এর আগে সকালে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লুৎফুজ্জামান বাবর।
দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া হাওরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষিজমিও পরিদর্শন করেন তিনি।
জে আই