দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশাচালক নুর আমিন (৪১) এবং যাত্রী অসিত কুমার সরকার নারু (৬০)। নুর আমিন উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা গ্রামের বাসিন্দা। অপরদিকে অসিত কুমার সরকার কুড়িগ্রাম সদর এলাকার সবুজপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে যাত্রীবাহী একটি অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নুর আমিন মারা যান। এতে অটোরিকশার অন্য যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের মধ্যে শিউলি বেগম ও অসিত কুমার সরকারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে অসিত কুমার সরকারের মৃত্যু হয়।
আহতদের মধ্যে রুহুল আমিন ও তকি আহম্মেদ উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জে আই