দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভাড়া বাসা থেকে লাকী আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত লাকী আক্তার রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ডুলুরদিয়া এলাকার ছাত্তারের মেয়ে। তিনি স্থানীয় একটি রপ্তানিমুখী কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস ধরে নলপাথর এলাকায় জাহেদ আলীর ভাড়া বাড়ির একটি কক্ষে একাই বসবাস করছিলেন লাকী। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিকের স্ত্রী আফরোজা বেগম তাকে ডাকতে যান। এ সময় ঘরের দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান তিনি।
পরে দরজা খুলে ঘরের ভেতরে চৌকির ওপর কম্বলে মোড়ানো অবস্থায় লাকীর মরদেহ দেখতে পান আফরোজা। তার মুখের ওপর একটি বালিশ চাপা দেওয়া ছিল বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ভোলাবো তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জে আই