দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক বাংলাদেশি চোরাকারবারি আহত হয়ে দেশে ফিরলেও, আরেকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বর্ডার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বিকেলে ৪-৫ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার ভেতরে রাজন টিলা এলাকায় প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল সুপারি চুরি করা।
এ সময় স্থানীয় খাসিয়া পল্লীর ভারতীয় নাগরিকদের নজরে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি আহত হন বলে জানা গেছে।
পরে তারা ছত্রভঙ্গ হয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করে। অন্যদের সহায়তায় একজন আহত অবস্থায় দেশে ফিরতে সক্ষম হলেও দলের আরেক সদস্য নিখোঁজ রয়েছেন বলে সঙ্গীদের দাবি।
নিখোঁজ ব্যক্তির নাম মো. সাদ্দাম হোসেন (৩২)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লামাগ্রামের বাসিন্দা।
ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিস্তারিত অনুসন্ধান শুরু করে এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির অবস্থান বা সর্বশেষ অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজের ঘটনায় তার পরিবার ৪ এপ্রিল কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন আগে থেকেই সুপারি চুরি ও অন্যান্য চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।
বিজিবি জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে তাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে বলে বিএসএফ আশ্বাস দিয়েছে।
জে আই