দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালুমহালের ম্যানেজার মিরাজ হোসেনকে (৪০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার আলোকদিয়ার চরে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেনের বাড়ি পাবনা জেলার দাপুনিয়া এলাকায় বলে জানা গেছে। তিনি ইফতেয়ার এন্টারপ্রাইজের অধীনে তেওতা বালুমহালের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ, ইজারাদার ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা পাওয়া এ বালুমহালের মেয়াদ চলতি মাসের ১৩ এপ্রিল পর্যন্ত রয়েছে। এর মধ্যেই সম্প্রতি ইজারাদার কাউসার হোসেনের মোবাইলে অজ্ঞাত একটি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।
ঘটনার দিন বিকেলে মিরাজ হোসেন ড্রেজারে বসে হিসাবের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত স্পিডবোটে করে এসে গুলি ছুড়তে ছুড়তে হামলা চালায়। এতে মিরাজ হোসেন গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ইজারাদার কাউসার হোসেন দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— বালু ব্যবসাকে কেন্দ্র করে গ্রুপিং দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ