দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ২ জন এবং টেকনাফের মেরিন ড্রাইভে এক বৃদ্ধ নিহত হন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে পৃথক এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- শহরের বাইসপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮) ও বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।
স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, দুপুর ১টার কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল আরোহীও গাড়ি থেকে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা তাদের চাপা দেয়।
পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় টেকনাফমুখী একটি মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামের এক বৃদ্ধের নিহত হয় বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, কক্সবাজার বেড়াতে আসা দুই পর্যটক মোটরসাইকেলটি ভাড়া নিয়ে টেকনাফ যাচ্ছিল। পথে মারিশবুনিয়া এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় পথচারী ওই বৃদ্ধকে ধাক্কায় দেয়। পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩ ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।