দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুজ্জামান নাঈমুলকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তুহিন প্রধানের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।
আহত বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুল উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
অভিযুক্ত তুহিন ছাত্রলীগের গজারিয়া উপজেলার সাবেক সহ-সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি দনিয়া কলেজ শাখার সহ-সভাপতি হিসেবে রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় নাসিমুল-মনির গংদের সঙ্গে মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নাঈমুলের বিরোধ চলছে। মঙ্গলবার দুপুরে বিরোধকৃত জমি পরিমাপের জন্য তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার সময় তুহিন প্রধানসহ আরও ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান জানান, প্রতিপক্ষ খোকনের ছেলে তুহিন ও তার ছোট ভাইসহ অন্তত ১০-১২ জন তার ওপর হামলা চালিয়েছেন। গতকাল রাতেও তারা হুমকি দিয়েছিল।
তিনি আরও জানান, অভিযুক্ত তুহিন একজন চিহ্নিত অপরাধী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। সরকার পরিবর্তনের পর সে দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে এসে পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, ‘আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ