দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা ব্যারেলগুলোতে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিতরণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে জেলার শিবচর উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে রোকনের মালিকানাধীন মেসার্স রোকন স্টোরের তালা ভেঙে দোকান থেকে ও রোকনের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ ব্যারেল ও তনাই মোল্লার গদি হতে ১০ ব্যারেলসহ মোট ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৮ ব্যারেলের মোট ৫ হাজার ৬০০ লিটার ডিজেল পরে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘শিবচরে প্রায় ১৫দিন যাবৎ কৃষকরা জ্বালানি তেল পাচ্ছিল না। আমরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা চালিয়ে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করে তা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করেছি। ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে। তবে এসময় কাউকে পাওয়া যায়নি।’
/অ