দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কোনাবাড়ীতে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) রাতে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে’ এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফিলিং স্টেশনের ম্যানেজার আবুল কাশেম বাবুলকে (৬০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত বাবুল বাইমাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
পরিদর্শনকালে দেখা যায়, ওই ফিলিং স্টেশনে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহকদের কাছে ‘তেল নেই’ বলে মিথ্যা তথ্য দিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। অথচ ভেতরে বিপুল পরিমাণ তেল মজুত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান জানান, জব্দকৃত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এছাড়া আইন অমান্য ও অবৈধ মজুতের দায়ে অভিযুক্ত ফিলিং স্টেশনটি সিলগালা করে দেওয়া হয়েছে। জনগণের ভোগান্তি লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএ