দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে অবৈধ পার্কিংয়ের অভিযোগে জরিমানা করাকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স চালক ও শ্রমিকদের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও সাধারণ মানুষ। এমনকি মরদেহ বহন করতেও অপেক্ষা করতে হয়েছে স্বজনদের।
সোমবার (৩০ মার্চ) দুপুরে নগরের চরপাড়া এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাসপাতালের সামনে সড়কে অবৈধভাবে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্সকে জরিমানা করে। এর প্রতিবাদে বেলা ২টার দিকে চালক ও শ্রমিকরা আড়াআড়িভাবে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে সড়ক অবরোধ করেন।
অবরোধের ফলে চরপাড়া মোড় থেকে মাসকান্দা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অনেক রোগী ও স্বজনকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
হালুয়াঘাট থেকে অসুস্থ মাকে নিয়ে আসা এরশাদ মিয়া বলেন, “দুই ঘণ্টা ধরে আটকে আছি। দ্রুত সমাধান না হলে রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে।”
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আনোয়ারা খাতুনের মরদেহ নিয়ে চরম ভোগান্তিতে পড়েন তার স্বজনরা। বিকেল পর্যন্ত অ্যাম্বুলেন্স না পেয়ে তারা হাসপাতালের সামনে অপেক্ষা করেন। মৃতার ছেলে আনার আলী বলেন, “অ্যাম্বুলেন্স না পাওয়ায় লাশ নিতে পারছি না, কী করব বুঝতে পারছি না।”
অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, আগে সড়কের পাশে গাড়ি রাখার সুযোগ থাকলেও এখন প্রশাসন তা দিচ্ছে না। বরং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা ও গাড়ি জব্দ করা হচ্ছে। তারা হাসপাতাল এলাকায় স্থায়ী পার্কিংয়ের দাবি জানান।
অ্যাম্বুলেন্স শ্রমিকদের একজন জানান, দাবি আদায় না হলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় তিন ঘণ্টা পর বিকেলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে চালকদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
জে আই