দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তার সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলো বাড়িতে এ ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা কার্যক্রম তদারকি করেন। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ এবং বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে যোগাযোগ করেন।
পরে বিমান বাহিনী ও সেনাবাহিনীর সহযোগিতায় একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। হেলিকপ্টারটি চট্টগ্রামের আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেসের হেলিপ্যাডে প্রস্তুত রাখা হয়, যাতে দ্রুত রোগীকে স্থানান্তর করা যায়। অ্যাম্বুলেন্সে করে আনা হলে পুলিশ সুপারকে দ্রুত হেলিকপ্টারে তুলে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।
এ সময় হেলিপ্যাডে উপস্থিত ছিলেন র্যাব-৭-এর অধিনায়ক মো. হাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, বাংলাদেশ পুলিশের উদ্যোগেই এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়, তবে এতে সংশ্লিষ্ট সব সংস্থার আন্তরিক সহযোগিতা ছিল।
র্যাব-৭ অধিনায়ক মো. হাফিজুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা সবাই মিলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় পুলিশ সুপারের পা ও কোমরের সংযোগস্থলের হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ পাঠানো হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন তার স্ত্রী শাহানারা শিল্পী।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, তিনি আমাদের একজন দায়িত্বশীল সহকর্মী। তার দ্রুত সুস্থতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
জে আই