দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাড়ি থেকে ধরে নিয়ে এক রিকশাচালক যুবককে আটকে রেখে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আলম মিয়া (৩০) উপজেলার পড়শীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ জানায়, আলম মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী আমান মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আলম মিয়া প্রতিপক্ষের সদস্য আসিয়া বেগমকে মাথায় আঘাত করেন।
এর জেরে আমান মিয়া ও তার পরিবারের সদস্যরা আলম মিয়াকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রাখে এবং তাকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে আলম মিয়ার মরদেহ বাড়ির উঠানে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একই রাতে আব্দুল কাদের (৫৫), মোহাম্মদ মাজাহারুল (৩০) ও মোহাম্মদ ইমরান ইসলাম (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করে।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতরে পড়ে থাকা আলম মিয়াকে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে এবং ঘটনাটি ভিডিও কলে ধারণ করা হচ্ছে।
নিহতের স্বজন মেহেদী হাসান জানান, জমিসংক্রান্ত বিরোধ ছাড়াও আলমের একটি রিকশা ভাঙচুর করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘটনার সূত্রপাত হয় এবং দুপুরে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বিকেলে তার খোঁজ না পেয়ে পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, পূর্ব বিরোধের জেরে আলম মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে ঘরে আটকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জে আই