দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সভা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভায় তিনি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা পরিষদের সভাকক্ষে বিদায়ী প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সরকার কাজ করছে এবং এ লক্ষ্যেই প্রশাসনিক পুনর্গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি জনগণের সেবায় কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ময়মনসিংহের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রূহের মাগফিরাত কামনা করেন প্রিন্স। একই সঙ্গে তিনি জানান, অতীতের অনিয়ম ও দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত জেলা পরিষদকে পুনর্গঠন করে একটি গণমুখী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে এক মাসের মধ্যে প্রস্তাবনা দেওয়া হবে।
এর আগে জেলা পরিষদ কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক এবং জেলা ও মহানগর বিএনপির নেতারা। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদাসহ কর্মকর্তারা প্রশাসকের নেতৃত্বে পরিষদকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএস/