দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক রহস্যজনক বিস্ফোরণে মো. মতিউর রহমান (২৪) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যার পর উপজেলার নিলফা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ মতিউর রহমান ওই এলাকার মো. মোস্তাকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি নিজ বাড়িতে বসে কিছু তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে তার হাত, পা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। প্রাথমিক আলামত দেখে চিকিৎসকদের ধারণা, পেট্রোল বোমা বা ককটেল তৈরির সময় বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। তবে মতিউরের স্বজনদের দাবি, এক আত্মীয়ের বিয়ের জন্য আতশবাজি তৈরি করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
গুরুতর অবস্থার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে তার সঙ্গে দুইজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহের পর বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এমএস/