দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ অব্যাহত থাকায় যমুনা সেতুতে যানবাহন পারাপার বেড়েছে উল্লেখযোগ্য হারে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করছে সেতু দিয়ে।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, বুধবার সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ৩২ হাজার ৮৪০টি এবং পশ্চিমমুখী ১৮ হাজার ৭৪৪টি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক গড়ে প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। সে হিসাবে বুধবার প্রায় ৩৩ হাজার ৫৮৪টি অতিরিক্ত যানবাহন পারাপার হয়েছে, যা ঈদযাত্রার চাপের চিত্র তুলে ধরছে।
যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে টোল আদায়ও বেড়েছে। বুধবার পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। সব মিলিয়ে এক দিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছিল, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৯ হাজার বেশি।
ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান এই সেতুতে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে যানবাহনের চাপ।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
আরএ