দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দিপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সোহেল রানা (৩৪)। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানার মহাইল গ্রামের তোরাব আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৪ মার্চ রাত ৮টার দিকে ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়।
প্রাথমিক তদন্ত ও অন্যান্য আসামিদের জবানবন্দি অনুযায়ী, ঘটনার দিন সোহেল রানা দিপু চন্দ্র দাসকে ফ্যাক্টরির ফ্লোর থেকে গার্ড রুমে নেওয়ার সময় সরাসরি মারধরে অংশ নেয়। এ সময় সে ফ্যাক্টরির কর্মীদের উসকানিমূলক স্লোগান দিয়ে উত্তেজিত করে তোলে এবং দিপু দাসের ওপর নির্যাতনে সক্রিয় ভূমিকা রাখে।
তদন্তে আরও জানা গেছে, উপস্থিত জনতাকে সহিংসতায় উৎসাহিত করার ক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম প্রকাশ করেছিলেন।
এ নিয়ে দিপু চন্দ্র দাস হত্যা মামলায় মোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ১২ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
জে আই