দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ নগরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত মশক নিধন কার্যক্রম বাস্তবায়নে একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারিভাবে পাওয়া প্রথম সম্মানী ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
শনিবার দুপুরে নগরের টাউন হলের সামনে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন ময়মনসিংহ-৪ আসনের এ সংসদ সদস্য।
প্রধানমন্ত্রী ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন জানিয়েছে আবু ওয়াহাব বলেন, “আমরা বিশ্বাস করি যে-কোনো কাজ আগাম প্রস্তুতি নিয়ে বাস্তবায়ন করলে সফলতা পাওয়া যায়।
“এ কারণে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে বর্তমান সরকার প্রশাসন এবং জনগণকে সাথে নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য একজন সংসদ সদস্য হিসেবে সরকারিভাবে প্রাপ্ত আমার প্রথম সম্মানী ভাতা বরাদ্দ করছি। যথা সময়ে তা জেলা প্রশাসকের কাছে পৌঁছে যাবে।”
সংসদ সদস্য বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম মানুষ পর্যবেক্ষণ করছে; যা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমরা তার এ ভালো কাজগুলো এগিয়ে নিতে বদ্ধপরিকর। এ কারণে ডেঙ্গু প্রতিরোধ বা মশক নিধন কার্যক্রম যেন, লোক দেখানো না হয়, বাস্তবে তা সফল করতে আমরা সমন্বিতভাবে কাজ করতে চাই।”
মশক নিধনে যদি আরও ভালো মানের কোনো ওষুধ পাওয়া যায়, তা সংগ্রহে উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য আবু ওয়াহাব।
প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, চলতি মৌসুমে সপ্তাহের প্রতি শনিবার নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চলবে। এক্ষেত্রে নগরবাসীর জনসচেতনতা সৃষ্টিতে সংবাদমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি।
অনুষ্ঠানে ময়মনসিংহ পুলিশ সুপার মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানাতুল ফেরদৌস হ্যাপী উপস্থিত ছিলেন।
আরএ