দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সজিব চৌধুরী আকাশ (২৫)।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গুপ্তখালী গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ রাকিব নামে একজনকে আটক করেছে।
নিহত সজিব মীরশরাই উপজেলার আবুতোরব এলাকার শাহ আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ডে নানার বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালি গ্রামে বিএনপি নেতা আবদুল আলিমের গ্রুপ ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আরও ৫ জন আহত হন। এরপর থেকে শাহাবুদ্দিনের গ্রুপের যুবদল কর্মী সজিব নিখোঁজ হন। রাতেই তার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
স্থানীয়রা বলছেন, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ নং ওয়ার্ড থেকে আবদুল আলিম ও শাহাবুদ্দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে। সংঘর্ষ ও হত্যাকাণ্ডের পেছনে এই বিরোধ প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন বলেন, নিহত সজিব আমার সিএনজি অটোরিকশা গ্যারেজ দেখাশুনা করত। কিছুদিন আগে গ্রামে একটি সিএনজি অটোরিকশার ব্যাটারি চুরি নিয়ে শালিস বসেছিল। এই ঘটনার সূত্র ধরে আবদুল আলিমের গ্রুপ তার সঙ্গে বিরোধের জেরে সজিবকে হত্যা করেছে। এছাড়া আমার দলের আরও ৫ জনকে তারা কুপিয়ে আহত করেছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. বেলাল বলেন, মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামে মঙ্গলবার রাতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল। বুধবার সকালে ওই এলাকার একটি টমেটো ক্ষেত থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জে আই