দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের পেকুয়া থানায় এক কলেজছাত্রী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
ভুক্তভোগী জুবাইদা কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার মা রেহেনা মোস্তফা রানুর সঙ্গে থানায় গেলে এ ঘটনা ঘটে বলে পরিবারের দাবি।
পরিবারের সদস্যদের অভিযোগ, জুবাইদার বয়স যখন প্রায় এক বছর, তখন তার বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এরপর মায়ের কাছেই বড় হন জুবাইদা। ২০১৩ সালের ২৩ মে তার বাবার মৃত্যু হলে পৈতৃক সম্পত্তিতে উত্তরাধিকার দাবি করেন তিনি। তবে স্বজনদের একটি অংশ তার পিতৃপরিচয় অস্বীকার করে বলে অভিযোগ রয়েছে।
জুবাইদার পরিবার জানায়, পৈতৃক সম্পত্তির দাবিতে ওয়ারিশ সনদের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে আবেদন করা হলেও তা দেওয়া হয়নি। পরে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলে তদন্তের দায়িত্ব পেকুয়া থানার পুলিশের কাছে যায়।
পরিবারের অভিযোগ, তদন্ত প্রতিবেদনের বিষয়ে পুলিশ ঘুষ দাবি করে এবং টাকা দেওয়ার পরও জুবাইদার পিতৃপরিচয় স্বীকার করে প্রতিবেদন দেওয়া হয়নি। বিষয়টি জানতে এবং দেওয়া টাকা ফেরত চাইতে জুবাইদা তার মাকে নিয়ে থানায় গেলে সেখানে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ডেকে এনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয় এবং মা-মেয়েকে এক মাসের কারাদণ্ড দিয়ে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয় বলে পরিবার দাবি করেছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএস/