দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্নীতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার অনুযায়ী সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রশাসনকে আরও জনমুখী করতে কাজ করছে সরকার।
রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক জেলার সকল দপ্তর প্রধানদের সঙ্গে কথা বলেছি, যাতে মানুষ দ্রুত সময়ের মধ্যে ঝামেলামুক্তভাবে সেবা পায়।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে তিনি জানান, প্রবাসীদের সুরক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি তদারকি করছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সমন্বিত সিদ্ধান্ত নিতে বিশেষ কমিটি কাজ করছে।
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রবাসী শ্রমিকদের সবসময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যে-সব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব সংবেদনশীল এলাকা এড়িয়ে চলাই নিরাপদ।
বিদেশগামী কর্মীদের দালালচক্রের প্রতারণার বিষয়ে এক প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, প্রবাসে যেতে গিয়ে সাধারণ মানুষ প্রায়ই প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারান। এ পরিস্থিতি ঠেকাতে অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে কেউ অতিরিক্ত অর্থ নিতে না পারে।
তিনি আরও বলেন, যে-সব রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দেশে বিদ্যমান প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সিকে যাচাই-বাছাই করে পুনরায় অনুমোদন দেওয়া হবে। “অনেক এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তারা সরকারের নিয়ম-কানুন মেনে কাজ করছে না।
এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী পটুয়াখালী সার্কিট হাউজে যান এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় পটুয়াখালী জেলা শহর ও বরিশাল বিভাগের কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে তিনি জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে যান।
জে আই