দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ নগরীতে সাম্প্রতিক সময়ে আকস্মিকভাবে চুরি ও ছিনতাইয়ের উপদ্রব বেড়ে যাওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অপরাধী চক্র।
রোববার (১ মার্চ) বিকেল ৩টায় নগরীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র গাঙ্গিনারপাড় এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক প্রচারণা ও মহড়া অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই কার্যক্রমে পুলিশের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। মহড়াটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গাঙ্গিনাপাড়, নতুন বাজার ও ব্রিজের মোড় প্রদক্ষিণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহে নগরীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি দুর্ধর্ষ ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর কবলে পড়ে সাধারণ মানুষ কেবল সর্বস্বই হারাচ্ছেন না বরং মারাত্মক আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। বিশেষ করে অন্ধকারাচ্ছন্ন গলি ও জনশূন্য রাস্তায় যাতায়াত করা সাধারণ মানুষের মাঝে চরম অস্বস্তি দেখা দিয়েছে। নাগরিকদের অভিযোগ, অপরাধীদের তৎপরতা এতটাই বেড়েছে যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা করছেন সচেতন নগরবাসী।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, নগরবাসীকে স্বস্তি দিতে এবং যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। আমাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি এখন থেকে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি, কোনো সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিক নিকটস্থ থানা বা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর আহ্বান জানানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে মার্কেট ও বিপণিবিতানগুলোতে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলেও জানানো হয়।
জে আই