দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কারাবন্দী নেতা রাকিবুল ইসলাম জোমাদ্দর। জানাজায় অংশ নেওয়ার সময় তাঁর পায়ে ডান্ডাবেড়ি ছিল। তিনি সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে তিনি স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশের পাহারায় তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, রাকিবুল ইসলাম প্রায় এক মাস ধরে কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর বাবার মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলের আবেদন করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁকে জানাজায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।
জানাজায় রাকিবুল ইসলাম পায়ে ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় অংশ নেন, তবে তাঁর হাতে হ্যান্ডকাফ ছিল না। দাফন শেষে নির্ধারিত সময় অনুযায়ী পুলিশি পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন, ‘পরিবারের আবেদনের পর প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে রাকিবুল ইসলামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুরো সময় তিনি পুলিশের পাহারায় ছিলেন এবং যথাসময়ে পুনরায় কারাগারে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
জানাজার সময় আসামির পায়ে ডান্ডাবেড়ি রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্যারোলে মুক্তির সময়সীমা সীমিত থাকে। কারাগার থেকে যে অবস্থায় আনা হয়, সেই অবস্থাতেই ফেরত নেওয়া হয়। তাই ডান্ডাবেড়ি খোলা হয়নি।’
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, ‘পিতৃবিয়োগ একজন সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এমন পরিস্থিতিতে প্যারোলে এসে জানাজায় অংশ নেওয়া আবেগঘন মুহূর্ত। আমরা রাকিবুলের নিঃশর্ত মুক্তি চাই।’
এমএস/