দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ ঘটনায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে ১৫ জনকে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় গরু ও বিভিন্ন পণ্যের চোরাচালানের সঙ্গে জড়িতদের ধরতে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারিরা স্থানীয় লোকজন জড়ো করে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ডিবি পুলিশের দুজন উপপরিদর্শক, একজন সহকারী উপপরিদর্শকসহ মোট ৬ সদস্য আহত হন। এ সময় হামলার শিকার হন স্থানীয় একটি দৈনিক পত্রিকার একজন ফটোগ্রাফারও। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং হামলায় জড়িত ১৫ জনকে আটক করে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, ৫টি ভারতীয় গরু, ৫ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং টাকা গোনার একটি মেশিন জব্দ করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরএ