দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য নিজের বাড়ি ভাড়া দেওয়ায় কাইয়ুম দেওয়ান নামে এক ব্যক্তিকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং শফিউদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে কাইয়ুম দেওয়ানের ছোট ভাই মাঈনদ্দীন দেওয়ান লিখিত বক্তব্যে বলেন, নয়ন-পিয়াস বাহিনী নামে পরিচিত একটি দল দীর্ঘ প্রায় ২০ বছর ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ফসলি জমি দখল ও অবৈধভাবে বালু উত্তোলনের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে। বাহিনীর প্রধানসহ সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।
স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে কাইয়ুম দেওয়ান তার বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের অনুমতি দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৬ ফেব্রুয়ারি কবর জিয়ারত করতে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন স্বজনরা। একাধিক মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে প্রায় আড়াইশ পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র অবস্থান করছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে নয়ন-পিয়াস বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।
জে আই