দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী।
জামায়াতের দাবি, ভাইরাল হওয়া ওই বক্তব্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া ভোটারদের উদ্দেশে ‘জারজ সন্তান’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা কুরুচিপূর্ণ ও অশালীন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখা। জেলা জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত নাজমুল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ফরিদুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাগরিকদের কুরুচিপূর্ণ ভাষায় চিহ্নিত করার আহ্বান জানানো হয়েছে। এ বক্তব্য বাংলাদেশের সংবিধান ও গণতান্ত্রিক অধিকার পরিপন্থি।
যৌথ বিবৃতিতে জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ফরিদুল হক বলেন, সংবিধান প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিয়েছে। ভোট দেওয়ার কারণে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলা চরম ধৃষ্টতা।
বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে ওই আসনের বিভিন্ন এলাকায় শতাধিক ভোটার শারীরিক ও মৌখিক হুমকির মুখে পড়ে বসতবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছেন এমন অভিযোগও তাদের দৃষ্টিগোচর হয়েছে। সচেতন নাগরিক সমাজ এ ধরনের আচরণকে ফ্যাসিবাদের নতুন রূপ হিসেবে দেখছে বলেও উল্লেখ করা হয়।
জামায়াত নেতারা বলেন, একজন সংসদ সদস্য পুরো এলাকার মানুষের প্রতিনিধি। মতাদর্শগত পার্থক্য থাকলেও তা প্রকাশ করতে হবে যুক্তি ও সংযত ভাষায়। অশালীন বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ এবং সমাজে ঘৃণা ও বিভাজন সৃষ্টি করে।
বিবৃতিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে ওই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সব রাজনৈতিক নেতাদের উসকানিমূলক ও আপত্তিকর ভাষা পরিহারের অনুরোধ করা হয়।
তবে এ বিষয়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, ওই বক্তব্য আমার নয়। সম্ভবত এটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
জে আই