দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটি উপজেলাতে পারিবারিক কবরস্থানের পথ ও সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দেবরকে মারধর ও অণ্ডকোশ চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় পৈতৃক বসতবাড়ির কবরস্থানের পথ নিয়ে বাদল মাঝির সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে সোহাগ মাঝি, মামুন মাঝি, মিন্টু মাঝি, নাঈম মাঝিসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বাদল মাঝির ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, হামলার সময় বাদল মাঝির পিঠ, হাত ও কোমড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী শাকিলা জাহান চৈতিকেও কিল-ঘুষি ও ধাক্কা দিয়ে আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় বাদল মাঝির ছোটোবোন মোসা. রিনা বেগম (৩৬) বাদী হয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেন।
বাদল মাঝি অভিযোগ করে বলেন, তিনি বাবার একমাত্র ছেলে সন্তান হওয়ায় দীর্ঘদিন ধরে চাচাতো ভাইরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল এবং সম্পত্তি দখলের চেষ্টা করছিল। সর্বশেষ ঘটনায় পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। একপর্যায়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয় এবং চাচাতো ভাই সেলিম মাঝির স্ত্রী মিনারা বেগম তার অণ্ডকোশ চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এতে একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
বাদল মাঝির দাবি, পুরো ঘটনাটি তাদের বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সেলিম মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার স্ত্রী মিনারা বেগম ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় জানার পর কল কেটে দেন। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই