দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে বিবি জহুরা নামে এক গৃহবধূকে ‘তালাক’ দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল হোসেন কাওসার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
ঘটনার পর লোকমুখে জানাজানি হলে স্থানীয়দের ক্ষোভের মুখে কাওসার এলাকা ছেড়ে পালিয়ে যান। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার পরপরই এলাকাবাসী তাকে আটক করে রাখে। পরে মৌখিকভাবে দেওয়া তালাক প্রত্যাহার করবেন বলে আশ্বাস দিয়ে কৌশলে সেখান থেকে সরে যান। কাওসার ওই এলাকার মৃত ইউসুফ হাজারীর ছেলে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিন সন্তান নিয়ে বিবি জহুরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে স্থানীয়রা জানান।
জানা যায়, বিবি জহুরা ভোট দিয়ে সকাল ১০টার দিকে বাড়ি ফিরে তিনি স্বামীসহ পরিবারের সবার জন্য নাস্তা প্রস্তুত করেন। সকাল ১১টার দিকে কাওসার নাস্তা খেয়ে বাইরে যান এবং দুপুরে খাবার খেয়ে আবার বিশ্রাম নেন। বিকেলে বাড়ির পাশের রাস্তায় কারও কাছ থেকে স্ত্রী ভোট দিয়েছেন এ কথা জানার পর মাগরিবের সময় তিনি এ বিষয়ে জহুরার কাছে জানতে চান। জহুরা তার প্রথম ভোট দেওয়ার কথা স্বীকার করলে ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশের রাস্তায় তাকে মৌখিকভাবে তিন তালাক দেন বলে অভিযোগ উঠে। এ সময় তাকে ঘরে ঢুকতেও নিষেধ করা হয়।
স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাওসারকে আটক করে রাখেন। একপর্যায়ে জনসমাগম বাড়তে থাকলে বাড়িতে যাওয়ার কথা বলে তিনি সেখান থেকে পালিয়ে যান। ২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াবাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরার সঙ্গে কাওসারের বিয়ে হয়। তাদের সংসারে আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮) ও ইসরাত জাহান ইসমাত (৪) নামে তিন সন্তান রয়েছে।
স্থানীয়দের মতে, পিতার পরিবার অসচ্ছল হওয়ায় সন্তানদের কথা বিবেচনায় জহুরা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। কাওসার ফেনী শহরের রেলগেট এলাকায় বেডিং কারিগর হিসেবে কাজ করতেন। তবে বর্তমানে বেকার রয়েছেন। বিভিন্ন সময় টাকার জন্য স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার শালিস বৈঠক হয়েছিল।
আরএ